সংবাদদাতাঃ উচ্চ আদালতের সাংবিধানিক ক্ষমতা নিয়ে অযাচিত মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ক্ষোভের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে তাঁর ওই মন্তব্য আগামীকালের মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন তারা। তা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। উচ্চ আদালতের জামিন দেওয়া নিয়ে আইন উপদেষ্টার হস্তক্ষেপের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা এ সমাবেশ ডাকেন।
গত ২৩ অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল বিচারিক কার্যক্রমে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তিনি বলেন, উচ্চ আদালতের একটি বেঞ্চ এক দিনে ৪-৫ ঘণ্টায় প্রায় ৮০০ মামলায় জামিন দিয়েছেন। জামিন দিতেই পারেন। কিন্তু ৪-৫ ঘণ্টায় ৮০০ মামলা শোনা কি সম্ভব? আমাদের মনে হয় বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যে এ আইনটি (সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫) চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারব।
প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা বলেন, আইন উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে প্রধান বিচারপতির কাছে আর্জি জানান আইনজীবীরা।
উপদেষ্টার উদ্দেশে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, বিচার বিভাগ নিয়ে অসম্মানজনক বক্তব্য প্রত্যাহার করুন। এতে আপনি ছোট হবেন না।
Leave a Reply